তিথি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৬ জুন ২০১৭, ০৩:৩২

লালমোহনে কলেজ ছাত্রী মাহমুদা মেহের তিথি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার লালমোহন চৌরাস্তার মোড়ে তরী ফাউন্ডেশন নামের একটি সংগঠনের ব্যানারে  এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, লালমোহন পৌর মেয়র এমদাদ হোসেন তুহিন, কাউন্সিলরবৃন্দ এবং তিথির বাবা কামাল হোসেনসহ সর্বস্তরের জনগণ অংশ নিয়েছে।

পরে তারা লালমোহন বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এ সময়ে তারা তিথি হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। উল্লেখ্য, গত পহেলা জুন বৃহস্পতিবার গভীর রাতে যৌতুকের দাবিতে শারীরিকভাবে নির্যাতন করে মাহমুদা মেহের তিথিকে হত্যা করা হয়। এ ঘটনায় তিথির মামা বাদী হয়ে তিথির স্বামী ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রুবেলসহ আটজনের বিরুদ্ধে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্বাসউদ্দিন জানিয়েছেন, মাহমুদা মেহের তিথি ওই কলেজের স্নাতক মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। কলেজ কর্তৃপক্ষ তিথি হত্যার যথাযথ বিচার দাবি করছে ।

নূহু/ইত্তেফাক