কালিগঞ্জে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০১৭, ১৩:০০
 
সাতক্ষীরার কালিগঞ্জের লক্ষীনাথপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামের নিজ বাড়ির পাশে একটি জামরুল গাছে রশিতে ঝুলানো অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। 
 
নিহতরা হলেন, লক্ষীনাথপুর গ্রামের নুরুল আমিন মোড়ল (৪৮) ও তার স্ত্রী জাহেদা খাতুন (৪০)।
 
কালিগঞ্জ থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে স্বামী নুরুল আমিন তার স্ত্রী জহেদাকে হত্যার পর তিনি নিজেই আত্মহত্যা করেছেন। নিহত ওই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।  
 
নিহত দম্পতির মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, লাশ ময়নাতদন্ত শেষে কী কারণে এই দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে তার রহস্য উদঘাটন হবে।
 
ইত্তেফাক/কেকে