গতকাল বুধবার ভোর রাতে সাভারের মুশরীখোলা এলাকায় একদল দুর্বৃত্ত এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। তবে স্থানীয়দের ধাওয়ার মুখে তারা পালিয়ে যায়। নিহত অটোরিকশা চালকের নাম মতিউর রহমান (২৭)। তিনি কুড়িগ্রাম জেলার নাগেরশ্বরী থানার ডায়নারপাড়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। মতিউর সাভারের নন্দখালী এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
পুলিশ জানায়, ভোর রাতে হেমায়েতপুর থেকে মুশরীখোলা যাওয়ার জন্য মতিউরের অটোরিকশায় কয়েকজন যুবক ওঠে। অটোরিকশাটি মুশরীখোলা রাস্তায় পৌঁছালে অটোরিকশর যাত্রীবেশী দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ছিনতাইকারীরা মতিউরের অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তার কয়েকজন পথচারী তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মতিউরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
