বেনাপোলের কাগজপুকুর এলাকায় বাবুল আক্তারের বাগান বাড়ি থেকে ৩টি স্যুটার গান, ৩ রাউন্ড গুলি ও ১৫টি হাতবোমাসহ ছাত্র শিবিরের যশোর জেলা সাধারণ সম্পাদকসহ ৩ শিবির নেতাকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতে কয়েকজন যুবক বাবুল আক্তারের বাগান বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে বাগান বাড়ির একটি ঘরের মধ্য থেকে ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রুহুল আমিনসহ ৩ জন ছাত্র শিবির নেতাকে আটক করা হয়। আটক রুহুল আমিন যশোর জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। এ সময় তার সাথে থাকা শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক গোগা গ্রামের আলাউদ্দীনের পুত্র আবুল কাশেম এবং ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতি আনছার আলীর পুত্র তরিকুল ইসলামকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি স্যুটারগান, ৩ রাউন্ড গুলি এবং ১৫টি হাত বোমা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার সকালে যশোর আদালতে সোপার্দ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
