কুকুরের উপদ্রব ঠেকাতে মুরগির খামারের চারদিকে জিআই তারে বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছিল। সেই তারেই জড়িয়ে প্রাণ গেল নিজ সন্তান টুটুলের (৫)। আজ মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুখুরী গ্রামে। টুটুল ওই গ্রামের মুরগী খামারি শুক্কুর আলীর ছেলে।
ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওরঙ্গজেব ও স্থানীয় ইউপি সদস্য হাসনুর রহমান রিপন জানান, শুক্কুর আলী রাতে মুরগির খামারে কুকুরের উপদ্রব ঠেকাতে খামারের চারদিকে জিআই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখতেন। সকালে তা খুলে ফেলতেন। মঙ্গলবার সকালে বিদ্যুতের তারের ওই সংযোগ খুলে দেয়ার আগেই শুক্কুর আলীর ছেলে টুটুল খামারে প্রবেশ করে। এসময় বিদ্যুতের সংযোগ থাকা ওই জিআই তারে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার প্রতিক কুমার বণিক জানান, তিনি হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু।
ইত্তেফাক/কেকে
