বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজাদের হামলায় সেকেন্দার সরকার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সেকেন্দার সরকার উপজেলার চিকাশি গ্রামের মৃত. মহির উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চিকাশি গ্রামের কালিবাড়ি মাঠের ভেতর এ ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিকাশি গ্রাম থেকে কলেজছাত্রীসহ ৩ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- চিকাশি গ্রামের বায়েচ উদ্দিনের স্ত্রী মোর্শেদা খাতুন (৫৫), আফাজ উদ্দিনের মেয়ে আফরোজা খাতুন (২৫) ও ইতি পারভিন (২০)। ইতি পারভিন চিকাশি টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এদিকে, বৃদ্ধ বাবাকে (সেকেন্দার) রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সোনার উদ্দিন (৪৫) ও তার ছোট ভাই আব্দুল লতিফ (৪২) আহত হয়েছেন। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকাশি গ্রামের সেকেন্দার সরকারের সাথে তার ভাতিজা আফাজ উদ্দিন ও বায়েচ আলীর দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। মঙ্গলবার সকালের দিকে বাড়ির পাশে কালিবাড়ি মাঠের ভেতর জমিতে বীজতলা তৈরির কাজ করছিলেন সেকেন্দার সরকার ও তার দুই ছেলে সোনার উদ্দিন এবং আব্দুল লতিফ। একই স্থানে অন্য একটি জমিতে কাজ করছিলেন দেরাজ আলীর ছেলে আফাজ উদ্দিন ও বায়েচ আলী। পাশাপাশি জমিতে কাজ করার সময় পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাতিজা আফাজ উদ্দিন ও বায়েচ আলীর হামলায় চাচা সেকেন্দার সরকার ঘটনাস্থলেই নিহত হন।
ধুনট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত সেকেন্দার সরকারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআই
