পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টরের ধাক্কায় আল আমিন নামে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকালে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের শালবাহান নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আল আমিন মাঝিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং লোহাকাচি গ্রামের ইব্রাহিম হোসেনের সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আল আমিন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শালবাহান বাজারের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আল আমিন সড়কের উপর ছিটকে পড়ে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রতিক কুমার বণিক তাকে মৃত ঘোষণা করেন।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক লিটন ট্রাক্টরের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
