অস্ট্রেলিয়ার মেলবোর্নে সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে দেশটির পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, এ ঘটনায় মেলবোর্নের রাস্তাঘাট ও আশপাশের এলাকা অবরোধ করে রেখেছে তারা।
স্থানীয় পুলিশের বিবৃতিতে জানা গেছে, সোমবার স্থানীয় সময় রাতে মেলবোর্নের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের খবর পেয়ে ভারী অস্ত্র নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যে অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ হয়েছিল সেখানে ঢুকে অ্যাপার্টমেন্টের হলঘরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে তাকতে দেখে পুলিশ।
IMG0
ওই সময় ইয়াকুব খায়ের নামের আরেক ব্যক্তি শটগান হাতে ওই ফ্ল্যাটেই এক নারীকে জিম্মি করে রেখেছিল। ওই অবস্থায়ই স্থানীয় এক সংবাদমাধ্যমে ফোন করে ২৯ বছর বয়সী খায়ের জানায়, সে জঙ্গি সংগঠন আইএসের নামে কাজটা করছে। যদিও খায়ের সত্যিই আইএসের সঙ্গে সম্পৃক্ত কিনা, তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিবিসি’কে জানিয়েছে পুলিশ।
এছাড়া ইসলামিক স্টেট এর প্রচারপত্র আমাক নিউজ এজেন্সির বরাতে এ ঘটনায় আইএস দায় স্বীকার করলেও, পুলিশ বলছে- খায়েরের সঙ্গে আইএসের কোনো যোগসূত্র নেই। তবে খায়েরের সঙ্গে বন্দুক যুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানায় তারা। এরপর পুলিশও পাল্টা গুলি করলে এক পর্যায়ে খায়ের গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তবে ওই জিম্মি নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
IMG1
নিহত ব্যক্তি সম্পর্কে ভিক্টোরিয়া পুলিশ চিফ কমিশনার গ্রাহাম অ্যাশটন বলেছেন, ওই ব্যক্তি ভবনটির একজন কর্মচারী। তিনি ‘ভুল সময়ে ভুল জায়গায় পড়ে গিয়েছিলেন’। বিবিসি।
ইত্তেফাক/সেতু
