কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠাল জাবি, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

আপডেট : ০৭ জুন ২০১৭, ২০:২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠা আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করেছিলো কর্মকর্তা-কর্মচারী সংগঠন গুলো। বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করে  সে আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জন সংযোগ অফিস। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে এক পক্ষের আন্দোলনকে সমর্থন ও শিক্ষার্থীদের উস্কানী দেওয়া হচ্ছে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে নতুন করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
 
কর্মকর্তা-কর্মচারীদের এই মানববন্ধন সোমবার অনুষ্ঠিত হলেও আজ মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এ প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। 
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ব্যাপক ভাংচুর, সন্ত্রাসী কার্যকলাপ ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের লাঞ্ছিত করার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি, কর্মচারি সমিতি ও কর্মচারি ইউনিয়ন সম্মিলিতভাবে প্রশাসন ভবনের সামনের রাস্তায় ৫ জুন এক মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে ব্যাপকসংখ্যক কর্মকর্তা ও কর্মচারি অংশগ্রহণ করেন।
 
‘মানববন্ধনে বক্তাগণ বলেন, এই দুজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে উপাচার্যের বাসভবনে যারা  ভাংচুর, সন্ত্রাসী কার্যকলাপ ও শিক্ষক কর্মকর্তা কর্মচারিদের লাঞ্ছিত করেছে তদন্ত সাপেক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা বলেন, এই অনাকাক্সিক্ষত ঘটনার বিষয়ে প্রশাসন যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে তার প্রতি কর্মকর্তা ও কর্মচারিদের পূর্ণ সমর্থন রয়েছে।’
IMG0
এমন প্রেস বিজ্ঞপ্তিতে বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন এক পক্ষের আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের প্যাডে জনসংযোগ অফিস দিতে পারে কিনা জানতে চাইলে জন সংযোগ অফিসের উপ-পরিচালক সালাম সাকলাইন বলেন,এ প্রেস বিজ্ঞপ্তি ভিসি ম্যামকে দেখিয়েই পাঠানো হয়েছে। যদি ভিসি চান তাহলে এমন সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো যায়।
 
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, যেহেতু এটা ভিসিকে দেখিয়েই পাঠানো হয়েছে। সেহেতু বলা যাচ্ছে যে, শিক্ষার্থীদের বিরুদ্ধে মানববন্ধন করার জন্য ভিসির মদদ রয়েছে। আর জনসংযোগ অফিস কখনো বিশ্ববিদ্যালয়ের লগো ব্যবহার করে একটি গোষ্ঠির প্রেস বিজ্ঞপ্তি পাঠাতে পারেনা। তারা এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বিভাজন সৃষ্টি করছে।
 
ইত্তেফাক/রেজা