বাবুগঞ্জে পরকীয়ার বলি গৃহবধূ

আপডেট : ০৬ জুন ২০১৭, ১৮:৪৩
 
পরকীয়ার টানে গৃহবধূ বিউটি বেগম প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার এগারো দিন পর মঙ্গলবার সকালে লাশ হয়ে ফিরলেন। নাটকীয়ভাবে প্রেমিক মহিউদ্দিন বেপারী ও তার ভাই সাইদুল নিহত গৃহবধূর লাশ ফেলে পালিয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ব্রাহ্মনদিয়া গ্রামে।
 
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ঠাকুরমল্লিক এলাকার জনৈক মনির হোসেন পরিবার নিয়ে দীর্ঘদিন থেকে তীলেরচর এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছেন। মনির আগরপুর বন্দরের একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। সে সুবাধে তাদের অভাবের সংসারের সরলতার সুযোগ নিয়ে তীলেরচর এলাকার একটি স'মিলের শ্রমিক ও বাহ্মনদিয়া গ্রামের জয়নাল বেপারীর পুত্র মহিউদ্দিন বেপারীর (৪০) সাথে মনিরের স্ত্রী তিন সন্তানের জননী বিউটি বেগমের (৩৫) পরিচয়ের সূত্রধরে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ২৭ মে বরিশাল শেরে-ই বাংলা হাসপাতালে অসুস্থ মেয়েকে চিকিৎসাধীন অবস্থায় রেখে মহিউদ্দিনের হাত ধরে বিউটি বেগম অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
 
সূত্রে আরও জানা গেছে, সোমবার রাতে মোবাইল ফোনে মহিউদ্দিন ও তার সহোদর সাইদুল ইসলাম তাদের মা এবং ছোটভাইকে একটি ভ্যান নিয়ে ভোররাতে উজিরপুরের বামরাইল বাসস্ট্যান্ডে থাকতে বলেন। সে অনুযায়ী ভ্যাননিয়ে বামরাইল যাওয়ার পর কৌশলে বিউটিকে অসুস্থতার কথা বলে অচেতন অবস্থায় ভ্যানে তুলে দিয়ে মহিউদ্দিন ও সাইদুল সটকে পড়েন। ভ্যানচালকের মাধ্যমে বিউটির মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পরার পর মহিউদ্দিনের মা ও ছোটভাই আত্মগোপন করে।
 
বাবুগঞ্জ থানার ওসি আব্দুস সালাম জানান, অতিগোপনে নিহত বিউটি বেগমের লাশ দাফনের জন্য বাহ্মনদিয়া গ্রামে আনা হয়েছিলো। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। মহিউদ্দিন বেপারী ও তার পরিবারের সদস্যদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।
 
ইত্তেফাক/জামান