বর্ণাঢ্য আয়োজনে চলচ্চিত্র দিবস উদ্যাপন

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০০:৫২

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস। দিনটি উপলক্ষে বিএফডিসি ও রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি গতকাল দিনব্যাপী ছিল উত্সবমুখর। চলচ্চিত্রপ্রেমীদের পদচারণা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটিকে উদ্যাপন করা হয়।

‘চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’ প্রতিপাদ্যে বিএফডিসিতে দুই দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র দিবসের আয়োজন করেছে যৌথভাবে তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটি। সকালে উত্সবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম, অভিনেতা ড. ইনামুল হক, চিত্রনায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর প্রমুখ।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দূরদৃষ্টি নিয়ে ঢাকায় চলচ্চিত্র শিল্পের গোড়াপত্তন করেছিলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই চলচ্চিত্রের বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের চলচ্চিত্র সারা বিশ্বে সমাদৃত হবে। তথ্যমন্ত্রী এ সময় দিবসটি উপলক্ষে বিএফডিসি প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন ও বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন। বিকালে ‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায়’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এদিকে চারদিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। গতকাল একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। একযোগে সারাদেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতেও চলছে চারদিনের এ অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে সেমিনার। এরপর বিকাল ৪টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে থাকছে স্বল্পদৈর্ঘ্য কাহিনি ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। কাল তৃতীয় দিন শুক্রবার সকাল ১০টায় জাতীয় নাট্যশালায় হবে শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। বিকাল ৪টায় থাকছে বিষয়ভিত্তিক প্যানেল বৈঠক ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান।