লংগদুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাহাড়িদের সরকারের পক্ষ থেকে স্থায়ীভাবে পুর্নবাসন করা হবে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রাতে রাঙ্গামাটি সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, লংগদুর ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। যারা আগুনের ঘটনার সঙ্গে এবং নয়ন হত্যকাণ্ডের সঙ্গে জড়িত তাদের অবশ্যই খুঁজে বের করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ১৪ দলের একটি প্রতিনিধি দল নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করবো এবং ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলবো। পাহাড়ি পরিবারের সন্তানরা যারা নিরীহ অসহায়, যাদের বাড়ীঘরে আগুন দেয়া হয়েছে, যাদের সহায় সম্বল ধ্বংস করা হয়েছে তাদের স্থায়ীভাবে পুর্নবাসনের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী সার্কিট হাউজে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর, মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের সঙ্গে বৈঠক করেন।
বুধবার সকালে ১৪ দলের প্রতিনিধি দল লংগদু উপজেলা সফর করবেন। প্রতিনিধি দলে রয়েছেন ফজলে হোসেন বাদশা এমপি, ড. শাহাদাত হোসেন, রেজাউল করিম খান, এজাজ আহম্মেদ, মোহাম্মদ আতা উল্লাহ খান।
ইত্তেফাক/নূহু
