বিএনপি থেকে পদত্যাগ করলেন দুই নেতা। এদের একজন হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক মোবাশ্বের আলম ভুঁইয়া এবং অপরজন হলেন ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির সহ-সভাপতি আবু মোতালেব।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মোবাশ্বের আলম ভুঁইয়া বুধবার সাংবাদিকদের বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাবর দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি চেয়ে পত্র জমা দিয়েছি। শারীরিক ও মানসিকভাবে অসুস্থতার কারণে দলের পদ থেকে অব্যাহতি চেয়েছি। তিনি বলেন, আমি অন্য কোনো দলে যাবো না। মোবাশ্বের আলম ভুঁইয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
অপরদিকে মামলার চাপ, পুলিশি হয়রানি এবং শারীরিক ও মানসিক চাপে রাজনীতি ছাড়লেন ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির সহ-সভাপতি আবু মোতালেব। তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর লিখিত অব্যাহতিপত্র দেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী-সন্তানরা পুলিশি চাপে ও ভয়ভীতির কারণে আতঙ্কগ্রস্ত। এছাড়া তিনি নিজেও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। এসব কারণে তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি সূত্রে জানা গেছে, ১৯৮৩ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এই নেতা। গত ২৮ মার্চ একটি লিখিত আবেদন জমা দিয়েছেন আবু মোতালেব। তাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ও চকবাজার থানার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনের পরে বিএনপি থেকে পদত্যাগ করেন দলের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি। গত ১৬ মার্চ দল থেকে পদত্যাগ করেন বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সহ-সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন। এছাড়া একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে পদত্যাগ করেন সংগীতশিল্পী মনির খান।
