সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গৌরীপুর বাজার

আপডেট : ০৭ জুন ২০১৭, ০২:৫১

বর্ষার শুরুতেই সামান্য বৃষ্টিতে ডুবে যায় প্রসিদ্ধ গৌরীপুর বাজার। সাত/আট মাস আগে এই বাজারের পশ্চিম অংশে কয়েক লাখ টাকা ব্যয়ে যে পাকা ড্রেন করা হয়েছে এর নির্মাণ কাজ সম্পূর্ণ অপরিকল্পিতভাবে করায় ওই ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হয় না। বাজারের পানি নিষ্কাশনের জন্য ঢালু করে ড্রেন নির্মাণ প্রয়োজন থাকলেও তা করা হয়নি বিধায় পানি নিষ্কাশন হয় না।

 

ড্রেনের উপর স্লাবগুলো ভেঙে যাওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে এগুলোর উপর দিয়ে জনগণকে চলাচল করতে হচ্ছে। কাঁচা বাজার ও মাছ বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যে দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে ক্রেতা-বিক্রেতাদের নাকে রুমাল দিয়ে চলতে হয়। একদিন বৃষ্টি হলে কয়েকদিন মাছ-মাংস ও সবজি বাজার পানির নিচে ডুবে থাকে।

 

প্রতিবছর ইজারার ৭০/৮০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হলেও বাজার উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন বলেন, নালা-নর্দমা পরিষ্কারের ব্যাপারে তাত্ক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/নূহু