মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিচার শুরু

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০০:৫৫

মালয়েশিয়ায় বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিচার শুরু হয়েছে। গতকাল বুধবার বিচার শুরুর দিনে নাজিব আদালতে উপস্থিত হন। তিনি প্রায় তিন ঘন্টা আদালতে উপস্থিত ছিলেন। নাজিবের বিরুদ্ধে আর্থিক কেলেংকারি ও দুর্নীতির অভিযোগে সাতটি অভিযোগ গঠন করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মামলার শুনানিন মূলতবি করা হয়েছে। এক বছর আগে যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন সেই ব্যক্তিটিই গতকাল আদালতে বিচারের মুখোমুখি। এই প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল টমি থমাস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী প্রায় সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। টমি থমাস বলেন, নাজিব রাজাক প্রধানমন্ত্রী থাকলেও আইনের বাইরে নয়, অন্য সবার মতোই তার বিচার হবে। দেশটিতে বিচারের সময় অ্যাটর্নি জেনারেল খুব একটা উপস্থিত থাকেন না। কিন্তু এই মামলায় তার উপস্থিত থাকায় ধারণা করা হচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজেই এই মামলার তদারকি করছেন। নাজিবের সাতটি অভিযোগের মধ্যে তিনটিই বিশ্বাস ভঙ্গ এবং অর্থ পাচারের ঘটনায়। একটি মামলা করা হয়েছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে। নাজিবের বিরুদ্ধে ৬৮ কোটি ১০ লাখ ডলার অর্থ আত্মসাতের অভিযোগ আছে। তবে নাজিব বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন। কৌশলগত বিনিযোগের মাধ্যমে মালয়েশিয়ার অর্থনীতিকে এগিয়ে নিতে ওয়ান এমডিবি তহবিল গঠন করা হয়েছিল। কিন্তু তা না করে তহবিলের অর্থ বিলাসী জীবনযাত্রায় খরচ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি মামলার কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু এ সম্পর্কিত আপিলের শুনানির জন্য বিলম্ব হয়েছে। গতকাল আদালতে নাজিবের সমর্থকরাও উপস্থিত হয়েছিলেন এবং তারা নেতার দীর্ঘায়ু কামনা করেন।