পৈত্রিক সম্পত্তি সন্তানদের লিখে না দেওয়ায় বৃদ্ধ পিতামাতাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে এক সপ্তাহ আগে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল গ্রামে। বিষয়টি নিয়ে বৃদ্ধ নিরুপায় বাবা মা থানা পুলিশ ও আদালতের দারস্থ হয়েছেন।
বৃদ্ধ বাবা সেকেন্দার আলী তালুকদার ও মা জহুরা খাতুন অভিযোগ করেছেন, তাদের ছেলে জহুরুল ইসলাম তালুকদার ও ময়নুল হক তালুকদার বেশ কিছুদিন ধরে তাদের (বাবা মা) ৭০ শতক জমি নিজেদের (জহুরুল ও ময়নুল) নামে লিখে দেওয়ার জন্য ব্যাপক চাপ সৃষ্টি করে। কিন্তু বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তানদের এই জমি লিখে দিতে অপরাগতা প্রকাশ করলে দুই ছেলে জহুরুল, ময়নুল এবং নাতি মনিরুল ও পুত্রবধূ মদিনা খাতুন সম্বিলিতভাবে বৃদ্ধ বাবা মাকে ব্যাপক মারধর করে। গুরুতর অবস্থায় তাদের বড় মেয়ে সুফিয়া খাতুন এদেরকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে চিকিৎসা দিচ্ছেন এবং ভরণপোষণ করছেন।
সেকেন্দার আলী আরও অভিযোগ করেন, জমি না লিখে দিয়ে বাড়ি ফিরলে আবারও তাদেরকে মারধর করে বাড়ি থেকে তাড়ানোর হুমকি দিচ্ছে সন্তানরা। বিশেষ করে জহুরুল বর্তমান বাঙ্গালা ইউনিয়ন যুবলীগের সভাপতি হওয়ায় সে তার বাবা মায়ের উপর দলীয় প্রভাব খাটাচ্ছে। বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে এই দুই বৃদ্ধ-বৃদ্ধা।
এ অবস্থায় নিরুপায় হয়ে মা জহুরা খাতুন তার দুই সন্তান পুত্রবধূ ও নাতিদের বিরুদ্ধে ৩ দিন আগে সিরাজগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেছেন এবং উল্লাপাড়া থানাতেও এদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেছেন। জহুরা খাতুন তার লোভী ও অবাধ্য সন্তানদের উপযুক্ত বিচার চান।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল মবিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কথিত বৃদ্ধ দুই বাবা মা এখন তার বড় মেয়ের বাড়িতে অবস্থান করছেন। অভিযোগ অনুযায়ী পুলিশ তার সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ বিষয়ে অভিযুক্ত জহুরুল ইসলাম ও ময়নুল হকের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।
ইত্তেফাক/এমআই
