লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ম্যানচেস্টারে চালানো গতমাসের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়। বুধবার ব্রিটিশ পুলিশ একথা জানায়।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৮ বছর বয়সী এ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
ইউরোপের সবচেয়ে ব্যস্ততম এ বিমানবন্দরে সন্দেহভাজন লোকটিকে কখন গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।
উল্লেখ্য, ২২ মে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন পপ স্টার আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে হামলার দুই সপ্তাহের বেশী সময় পর তাকে গ্রেফতার করা হলো। সালমান আবেদির চালানো ওই বোমা হামলায় শিশুসহ ২২ জন নিহত ও শতাধিক আহত হয়। ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার তদন্তের অংশ হিসেবে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১২ জনকে কোনো ধরনের মামলায় জড়ানো ছাড়াই ছেড়ে দেয়া হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু
