টঙ্গীতে প্রবাসী নারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ জুন ২০১৭, ১৭:১৭
 
গাজীপুরের টঙ্গীতে মনোয়ারা বেগম (৫৫) নামে এক আমেরিকান প্রবাসী নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আরিচপুর তিন তলা মসজিদ এলাকায় নিজ বাসভবনের তৃতীয় তলায় এই হত্যাকাণ্ড ঘটে।
 
প্রবাসী ওই নারী গত ৪জুন মেঝ ছেলের বিয়ে উপলক্ষে আমেরিকা থেকে দেশে আসেন। নিহত মনোয়ারা বেগম নোয়াখালী জেলার সোনাইমুড়ির হীরাপুর গ্রামের আবুল বাশারের স্ত্রী। পুলিশ ও পরিবার সূত্র জানায়, বুধবার দুপুরে ফ্ল্যাট বাসা ভাড়া নেওয়ার কথা বলে কয়েকজন দুর্বৃত্ত মনোয়ারা বেগমের পাঁচ তলা বাড়িতে প্রবেশ করে।এসময় তৃতীয় তলার ফ্ল্যাট বাসা দেখানোর সময় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে মনোয়ারা বেগমের মাথায় ও ঘাড়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। মুমূর্ষু অবস্থায় ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহতের আত্মীয় মো. আমিন জানান, গত ৩২ বছর যাবত মনোয়ারা বেগম সপরিবারে আমেরিকায় বসবাস করে আসছিলেন। রোজার ঈদের পর মেঝ ছেলে মাহফুজের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গত ৪ জুন সকালে ছোট মেয়েকে নিয়ে দেশে ফিরেন তিনি। ১৫ বছর আগে বাসা ভাড়া পাওনাকে কেন্দ্র করে শহিদ নামে এক ভাড়াটিয়া মনোয়ারা বেগমের পায়ে গুলি করে। ওই ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পরিবারের। টঙ্গী মডেল থানার ওসি মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাড়াটিয়া বেশে বাসায় ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/জামান