ভবন থেকে পড়ে ৩ শ্রমিক মৃত্যুর ঘটনায় মামলা

আপডেট : ০৭ জুন ২০১৭, ২১:০১
রাজধানীর বেইলি রোডে রুপায়ন হাউজিংয়ের নির্মানাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। 
 
বুধবার রমনা থানায় জুবায়ের নামে এক শ্রমিক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে ভবনটির নির্মাণাকারী প্রতিষ্ঠান রুপায়ন হাউজিংয়ের ঠিকাদার, সাইট ইঞ্জিনিয়ার ও রুপায়ন কর্তৃপক্ষকে। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। 
 
রমনা থানার ওসি মশিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দায়িত্বে অবহেলা জনিত কারণে মৃত্যু’ ঘটনায় মামলাটি হয়েছে। তবে কাউকে এখনো আটক করা হয়নি বলে জানান তিনি। 
 
গত মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে রূপায়ন হাউজিংয়ের ‘রূপায়ন স্বপ্ন নিলয়’ভবন থেকে পড়ে তিন শ্রমিকরে মৃত্যু হয়। তারা হলেন সায়েম (২৩), জয়নুল (২২) ও জাহাঙ্গীর (২৪)। ১৪ তলা নির্মাণাধীন ওই ভবনটির ১০ তলার লিফটের ফাঁকা স্থান থেকে পড়ে তারা মারা যান।
 
ভবনটির এক শ্রমিক নাম না প্রকাশের শর্তে জানান, লোহার পাইপ দিয়ে মাচা তৈরি করে দেয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ পঁচা বাঁশ দিয়ে মাচা তৈরি করে দেয়ায় দুর্ঘটনাটি ঘটে।
 
এদিকে, বুধবার ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যায় নিহতদের স্বজনরা। তাদের সবার গ্রামের বাড়ি সিলেটের গোপালগঞ্জে। রুপায়ন কর্তৃপক্ষ নিহতদের পরিবার প্রতি ৮০ হাজার থেকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেয় বলে জানিয়েছেন নিহত জাহাঙ্গীরের মামাতো ভাই মাহাবুবুর রহমান। তবে এর আগে একটি স্ট্যাম্পে তাদের কাছ থেকে লিখিত নেয়া হয় যে, কর্তৃপক্ষের কাছে তাদের আর কোন দাবি নেই।
 
ইত্তেফাক/ইউবি