সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে নদীতে মাছ ধরার সময় মুক্তিপণের দাবীতে দুই জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ ওঠেছে বনদস্যু রবিউল বাহিনীর বিরুদ্ধে। বুধবার দুপুরে সুন্দরবনের ফিরিঙ্গির খাল এলাকা থেকে উক্ত জেলেদের অপহরণ করা হয়।
অপহরণকৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত দৌলত ফকিরের ছেলে মহিবুল্লাহ ফকির ও একই উপজেলার যতিন্দ্রনগর গ্রামের আফজাল হোসেন।
অপহৃত জেলেদের বরাত দিয়ে হরিনগর গ্রামের করিম জেলে জানান, বন বিভাগ হতে বৈধ পাশ নিয়ে মহিবুল্লাহ ও আফজালসহ কয়েকজন জেলে সুন্দরবনে যান মাছ ধরতে। বুধবার দুপুরে ফিরিঙ্গির খালে তারা মাছ ধরার সময় এক লাখ টাকা মুক্তিপণের দাবীতে উক্ত দুই জেলেকে অপহরণ করে বনদস্য রবিউল বাহিনীর সদস্যরা।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান, জেলে অপহরণের বিষয়টি শুনেছি কিন্তু এ ব্যাপারে কেউ কোন অভিযোগ এখনও দেননি।
ইত্তেফাক/জামান
