রোহিঙ্গা প্রত্যাবাসনে নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে চায় আসিয়ান

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০১:০০

রোহিঙ্গা প্রত্যাবাসনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করতে চায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা দিতে চায় এ জোট। গতকাল বুধবার ঢাকায় সফররত থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাইয়ের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এসব কথা বলেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, থাইল্যান্ড ও মিয়ানমার উভয়ই আসিয়ানের সদস্য। আসিয়ানের সদস্য হিসেবে রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা দিতে চায় জোট। ড. মোমেন বলেন, থাইল্যান্ডের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া তারা পর্যটন শিল্পে সমৃদ্ধ দেশ। তাদের কাছে আমাদের পর্যটন শিল্প বিকাশে সহায়তা চেয়েছি। মন্ত্রী জানান, বাংলাদেশ আসিয়ানের পর্যবেক্ষক। আমরা আসিয়ানের সদস্য হওয়ার জন্য সহায়তা চেয়েছি। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের দেওয়া নৈশভোজে অংশ নেন থাই পররাষ্ট্রমন্ত্রী।