ময়মনসিংহে অস্ত্রসহ সন্ত্রাসী টেক্কা নজরুল গ্রেফতার

আপডেট : ০৮ জুন ২০১৭, ১৩:৪৬
 
ময়মনসিংহে র‌্যাবের হাতে সন্ত্রাসী টেক্কা নজরুল অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন। আজ বৃহস্পতিবার র‌্যাব সংবাদ সম্মেলন করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য সাংবাদিকেদের জানায়। 
 
ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার লে. কমান্ডার এ এন এম ইফতেখার রাকিব (জি) বিএন এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন খাগডহর ঘুন্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী এবং চাঁদাবাজ নজরুল বাহিনীর প্রধান নজরুল ওরফে টেক্কা নজরুলকে গ্রেফতার করে। তার কাছ থেকে সন্ত্রাসী কাজে ব্যবহ্নত একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন, একটি রামদা পাওয়া যায়। 
 
নজরুল বাহিনীর লোকজন দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে জনমনে ভীতির সঞ্চার করে আসছিলেন। বাহিনীর লোকজনের তান্ডবে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে ওঠেন। টেক্কা নজরুল ও তার বাহিনীর লোকজন প্রকাশ্য দিবালোকে মানুষের বুকে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। 
 
এলাকার মানুষ টেক্কা নজরুল ও তার বাহিনীর লোকজনকে গ্রেফতারের দাবিতে প্রায় তিনশত মানুষ গণস্বাক্ষর করেন ও  জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দেন। বিভিন্ন লিফলেট ও পোস্টার ছাপান। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় খুনের মামলাসহ একাধিক মামলা ও জিডি রয়েছে। 
 
সম্প্রতি জেলা পুলিশ সুপার, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ বিভিন্ন দফতরে স্থানীয় লোকজন তার ব্যাপারে অভিযোগ দায়ের করেন এবং তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন। 
 
ইত্তেফাক/কেকে