মণিরামপুরে আল-আমিন (১৫) নামের অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বিল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা গ্রামের মোস্তাক আহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দূর্বাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আল-আমিন স্কুল বন্ধ থাকার সুবাদে দরিদ্র পিতার সহায়তা করতে ভ্যান চালাতে শুরু করে। প্রতিদিনের ন্যায় বুধবার সকালেও ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী বিলে স্থানীয় শিশুরা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী ও আত্মীয়রা জানান, লাশ উত্তোলনের সময় নিহতের গায়ের চামড়া খসে যাচ্ছিলো। তার গায়ের রং ফর্সা ছিলো কিন্তু মৃতদেহ কালো বর্ণ ধারণ করেছে। স্থানীয়দের ধারনা, ভ্যানটি কেড়ে নিয়ে তার মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যার পর গায়ে এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন জানান, ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
ইত্তেফাক/এমআর
