সাভার উপজেলার আশুলিয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম হেলেনা আক্তার (২৮)। ঘটনার পর থেকে নিহতের স্বামী মহিদুল হোসেন পলাতক রয়েছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতী এলাকার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হেলেনা আক্তারের বাড়ি সিরাজগঞ্জে। তার স্বামী মহিদুল হোসেনের বাড়ি নিলফামারী জেলায়। তারা দুজনই আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, নিহতের গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পালাতক থাকায় ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর সে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক মহিদুলকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
