৮২ সালের উচ্ছেদ ভুলি নাই, ব্যারিস্টার মওদুদকে আলতাফ কন্যা

আপডেট : ০৮ জুন ২০১৭, ২০:৩৯
আইনি লড়াইয়ে জিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান ২ এর বাড়িটির দখল পুলিশের সহায়তায় বুঝে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় তিনি বলেন, ‘কী করার আছে, ফুটপাতে শুয়ে থাকব।’ 
 
এই প্রেক্ষিতে মওদুদ আহমেদকে উদ্দেশ্যে করে বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্ট প্রদান করেন শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। তিনি বলেন, ১৯৮২ সালে সরকারি বাড়ি থেকে তাদের পরিবারকে উচ্ছেদের হোতা ছিলেন এই ব্যারিস্টার মওদুদ। 
 
তিনি স্ট্যাটাসে বলেন, অনেক শরীর খারাপেও এই ছবিটা আমাকে সকাল সকাল সোজা করে দাড়িয়ে দিলো। দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শহীদ পরিবারদের বেশ কিছু বাড়ি নামমাত্র অর্থের বিনিময়ে উপহার দিয়েছিলেন। তার মধ্যে আমাদের বাড়িটি ছিল ১ নং মালিবাগ।
 
তিনি যোগ করেন, ‘৮২ সালের ফেব্রুয়ারিতে একদিনের নোটিশে সে বাড়িটি থেকে আমাদের উচ্ছেদ করা হয়। একটা কৃষ্ণ চূড়া গাছের নীচে সুটকেসের ওপর মা বসিয়ে রেখেছিলেন আমায়। বসে বসে পুলিশের তাণ্ডব দেখেছিলাম সেদিন। দোতলা থেকে বাবার ব্যাগ ফেলছিল ওরা। এলপি রেকর্ডগুলা চূর্ণ বিচূর্ণ করে ফেলছিল বারান্দা থেকে। নীচের তলার সংগীত স্কুলের হারমোনিয়াম তবলা তানপুরা উঠোনের এখান ওখানে ছুড়ে ছুড়ে ফেলছিল ওরা। আমি জানতাম না রাতে কোথায় থাকবো সেদিন।
 
IMG0
 
সেই উচ্ছেদ প্রকল্পের প্রধান উদ্যোক্তা মওদুদকে স্যুট পরে মাধবীলতা গাছের নিচে দাঁড়িয়ে তার উচ্ছেদ হওয়া বাসার সামনে বলতে শুনলাম যে তিনি ফুটপাতে থাকবেন। মওদুদ সাহেব ‘৮২ সালের উচ্ছেদ ভুলি নাই। ভুলবো না। ইটটি মারিলে পাটকেলটি খাইতে হয়। ওহ্ আরেকটা কথা, সেদিন আমরা যদিও জানতাম না কোথায় থাকবো তারপরও ফুটপাতে থাকবার কথা ভাবিনি। প্রতিবেশীর খালি বাসাটা তাৎক্ষনিক ভাড়া নিয়ে নিয়েছিলাম আমরা।
 
ইত্তেফাক/সাব্বির