যশোরের চৌগাছায় বালু ভর্তি ট্রাকের চাপায় তন্মিমা খাতুন (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার পাতিবিলা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
নিহতের পিতা শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রাইভেট পড়ে বাইসাইকেল চালিয়ে পাতিবিলা গ্রামে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা-নিয়ামতপুর দাখিল মাদ্রাসার সম্মুখে পৌঁছুলে একটি বালু ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ছাত্রীটি রোজা রেখেছিল বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে ট্রাকটি জব্দ ও চালক একই উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেনকে (৩৫) আটক করেছে চৌগাছা থানা পুলিশ। চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আকিকুল ইসলাম দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও চালক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
