বগুড়ায় নব্য জেএমবি’র সামরিক বাহিনীর ৩ সদস্য গ্রেফতার

আপডেট : ০৯ জুন ২০১৭, ১০:০৭

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নব্য জেএমবি’র সামরিক বাহিনীর ৩ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১ টি পিস্তল, ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ১ টি চাকু ও প্রায় ১ কেজি পরিমাণ গান পাউডার উদ্ধার করেছে। সেইসাথে তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জেলার আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা হতে এই ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ৩ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর ভূতমারাঘাট গ্রামের ডাঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে হাবিবুর রহমান ওরফে রাসেল (৩৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইসলামনগর গ্রামের টিপু সুলতানের ছেলে আব্দুল্লাহ আল কাফী ওরফে ফারহান (২০)  এব্ং একই উপজেলার সাড়বুরুজ গ্রামের শামসুজ্জোহার ছেলে আব্দুল আজিজ মামুন (২৮) ।

জেলা গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম আদমদীঘির মুরইল বাজার এলাকায় ওৎ পেতে থাকে।  রাত অনুমান ১ টার দিকে নওগাঁ থেকে বগুড়ার দিকে মোটরসাইকেল যোগে আসার পথে ৩ নব্য জেএমবি সদস্যকে আটক করে পুলিশ। পরে তাদের দেহে তল্লাশী চালিয়ে অস্ত্র উদ্ধার করে। বর্তমানে জেলা গোয়েন্দা কার্যালয়ে তাদের জিঞ্জাসাবাদ চলছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া  ৩জনই নব্য জেএমবি’র সামরিক বাহিনীর সদস্য। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অস্ত্র ও গান পাউডার নিয়ে নওগাঁ থেকে বগুড়া অভিমুখে আসছিল । তাদের ৩ সহযোগী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অস্ত্র, গুলি ও গান পাউডার উদ্ধারের ঘটনায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুলহাজ উদ্দিন বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন ।

ইত্তেফাক/নূহু