ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সর্বোচ্চ আদালতের রায় মেনেই এবং সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বিএনপিকেও আসতে হবে। কারণ ২০১৪ সালের নির্বাচনে বিএনপি যে ভুল করেছিল আগামী নির্বাচনে তারা আর সেই ভুল করবে না।
মন্ত্রী বলেন, গত নির্বাচনে না গিয়ে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে সত্যিকার অর্থে সাধারণ মানুষের মন থেকে বিএনপির নাম উঠে গেছে। তারা আজ মাঠে নাই, রাজপথে নাই আন্দোলনেও নাই এমনকি তাদের নেতাকর্মীরাও নাই। বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এক তরফা নির্বাচনের ইচ্ছা এ সরকারের নেই। শেখ হাসিনা একটি স্বচ্ছ নির্বাচন করতে চায়। সব দলের অংশ গ্রহনে একটি সুন্দর গ্রহন যোগ্য ও স্বচ্ছ নির্বাচন করতে চায়।
ইত্তেফাক/এএম।
