সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় ২০০২ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলার প্রধান আসামি খালিদ মঞ্জুরুল রোমেলকে গ্রেফতার করেছে র্যাব ১২।
শুক্রবার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা ইউনিয়নের পাঁচলিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। রোমেল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কাদই বাদলা গ্রামের মৃত এম এ গোফরানের ছেলে।
শুক্রবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২-এর সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন জানান, তার নেতৃত্বে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচলিয়া বাজার থেকে রোমেলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমেল নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার বিরিুদ্ধে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় বিস্ফোরকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে। তাকে সলঙ্গা থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতাল থেকে তাকে দেখে গাড়ির বহর নিয়ে তিনি যশোরে যাচ্ছিলেন। গাড়ির বহরটি সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া থানা সদরের বিএনপি অফিসের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিত আসামি হাবিবুর রহমানের নির্দেশে অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি বহরে গুলি চালায়। একই সঙ্গে তাকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এ সময় সাবেক এমপি মুজিবুর রহমান ও কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামি ছিলেন খালিদ মঞ্জুরুল রোমেল।
ইত্তেফাক/ইউবি
