রাজশাহীর বাগমারায় এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দ্বীপপুর ইউনিয়নের খাপুর মাদ্রাসার পাশে এই হত্যাকাণ্ড ঘটে বলে বাগমারা থানা পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নিমতলা ব্যাংক কলোনির ভাড়া বাসা থেকে আব্দুস সাত্তার (৬২) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পাবনার সুজানগর এলাকার মৃত তরব আলীর ছেলে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ফ্লাটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। লাশটি বিছানায় পড়ে ছিলো। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, এটা স্বাভাবিক মৃত্যু। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বাগমারায় খুন হওয়া আবুল কালাম আজাদ (৩৬) উপজেলার খাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিনের ছেলে এবং খাপুর মাদ্রাসার শিক্ষক। তিনি ভবানীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহাদ আলীর জামাতা।
স্থানীয়দের বরাদ দিয়ে বাগমারা থানার ওসি নাছির আহমেদ জানান, তারাবির নামাজ পড়ে সে খাপুর বাজারে চা খেতে আসেন। এ সময় একজন কথা আছে বলে তাকে মাদ্রাসার পাশের মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার মাথায়, বুকে ও পেটে ধারালো অস্ত্রের গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
ওসি আরো বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে পুলিশ অভিযান শুরু করেছে।
ইত্তেফাক/এমআর
