দৌলতপুরে অস্ত্র, গুলি ও বোমাসহ ৫ ডাকাত আটক

আপডেট : ১০ জুন ২০১৭, ১৪:১৮
 
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বোমাসহ পাঁচ ডাকাতকে আটক করেছে। শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার প্রাগপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। 
 
দৌলতপুর থানা পুলিশ জানায়, একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে এসআই গৌতমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ডাংমড়কা-প্রাগপুর সড়কের প্রাগপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বোমাসহ পাঁচ ডাকাত সদস্যকে আটক করে। 
 
আটককৃতরা হলেন- উপজেলার দাড়েরপাড়া গ্রামের রিয়াজুল মণ্ডলের ছেলে মোমিন (২৮), দৌলতখালী মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সিরাজুল (৩৫), গরুড়া গ্রামের রেজাউল হকের ছেলে সামিরুল (৩০), মুন্সিগঞ্জের আসমত মণ্ডলের ছেলে জুয়েল (২৫) ও দৌলতখালী গ্রামের মতিয়ার রহমানের ছেলে জাহারুল (৩০)। 
 
তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড বন্দুকের গুলি, ৫টি ককটেল, ৩ টি রামদা ও ২টি টর্চ লাইট উদ্ধার করা হয়। 
 
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, আটককৃতরা সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। 
 
ইত্তেফাক/কেকে