চার গ্রামবাসীর গলা কেটে প্রতিশোধ নিলো বোকো হারাম

আপডেট : ১০ জুন ২০১৭, ১৪:২৯
নাইজেরিয়ার চার গ্রামবাসীর গলা কেটে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। জিহাদি গ্রুপের ঊর্ধ্বতন এক সদস্যকে গ্রেফতারের প্রতিশোধ নিতে তারা এ হত্যাকাণ্ড ঘটাল। শুক্রবার ওই গ্রামের বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে একথা জানান।
 
বৃহস্পতিবার মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা ক্যামেরুন সীমান্তবর্তী গোজার কাছে হামবাগদা গ্রামে হামলা চালিয়ে ছয়জনকে অপহরণ করে। পরে এদের মধ্যে চারজনকে তারা গলা কেটে হত্যা করে। উল্লেখ্য, এক সময় গোজা বোকো হারামের স্বঘোষিত ‘খেলাফত’ ছিল।
 
স্থানীয় বাসিন্দা ওসমান বুবা বলেন, ‘তারা লোকজনকে লাইনে দাঁড়াতে বললেও সকলে জঙ্গলের দিকে পালাতে শুরু করে।’
 
এ সময় দ্বিধাদ্বন্দ্বে থাকা ছয়জনকে ধরে নিয়ে যায় বোকো হারাম। এদের মধ্যে চারজনকে গলা কেটে হত্যা করা হলেও বাকি দু’জন জিহাদিদের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে, নাইজেরিয়ার একটি গ্রামে অভিযান চলাকালে সেনা সদস্যরা বোকো হারামের কমান্ডার আদামু রুগুরুগুকে গ্রেফতারের একদিন পর তারা এ নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু