নাগেশ্বরীতে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ

আপডেট : ১০ জুন ২০১৭, ১৬:২৬
 
নাগেশ্বরীতে তিনদিন ধরে নিখোঁজ রয়েছে তিন মাদ্রাসা ছাত্র। পরিবারের পক্ষ থেকে তাদের সন্ধানে মাইকিং চলছে।
 
পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কচাকাটা থানার জান্নাতুল ফেরদৌস নুরানি হাফেজিয়া মাদ্রাসার কায়দা শ্রেণির শিক্ষার্থী কচাকাটা ইউনিয়নের ছাটবাড়ীর গ্রামের আবু বকরের ছেলে শাহালম, খোকা মিয়ার ছেলে জহুরুল হক ও ফজলার রহমানের ছেলে দুখু মিয়া মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়।
 
রাতে পরিবারের লোকজন তাদের খাবার দিতে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় তারা মাদ্রাসায় যায় নাই। পরে পরিবারের লোকজন নিজেদের আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে তাদের সন্ধানে উপজেলার সর্বত্র মাইকিং করছে।
 
মাদ্রাসা অধ্যক্ষ আজিজার রহমান বলেন, ওইদিন তারা মাদ্রাসায় আসেনি। তবে পরদিন সকালে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী তাদের মাদ্রাসার আশে পাশে ঘোরাফেরা করতে দেখেছেন।
 
কচাকাটা থানা ওসি জাকির উল ইসলাম বলেন, 'ঘটনাটি শুনেছি এখনো কেউ অভিযোগ কিংবা জিডি করেনি।'
 
ইত্তেফাক/জামান