রাস্তা মেরামতে অনিয়োমের অভিযোগ উঠার পর ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার দুপুরে উপজেলার অন্যতম প্রধান চৌগ্রাম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের স্থাপনদিঘী থেকে পাকিশা পর্যন্ত রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন তিনি।
সিংড়া এলজিইডি অফিস সূত্র জানায়, উপজেলার চৌগ্রাম থেকে কালিগঞ্জ আঞ্চলিক সড়কের স্থাপনদিঘী থেকে পাকিশা পর্যন্ত সোয়া তিন কিলোমিটার রাস্তার মেরামত কাজ চলছে। রাস্তা মেরামতের কাজটি করছেন রহমান কন্সস্ট্রাকশন নামে নাটোর শহরের সাগর নামের এক ঠিকাদার। রাস্তাটি মেরামতে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু ওই রাস্তা মেরামতে নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা। এছাড়া কিছু কিছু স্থানে বালুর পরিবর্তে মাটিও ব্যবহার করা হচ্ছে।
এদিকে নিম্নমানের কাজের ছবি এবং কিছু তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় শনিবার সকালে ওই রাস্তার কাজের মান দেখতে যান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি নিম্নমানের রাস্তার কাজ দেখে অসন্তোষ প্রকাশ করে বলেন, এই রাস্তাসহ যে কোন রাস্তার কাজে কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। নিম্নমানের কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
এ বিষয়ে রহমান কন্সস্ট্রাকশনের ঠিকাদার সাগর বলেন, শিডিউল অনুযায়ী রাস্তার মেরামত কাজ করা হচ্ছে। কোন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে না।
ইত্তেফাক/ইউবি
