রাজধানীতে মই থেকে পড়ে বিদ্যুত্কর্মী নিহত

আপডেট : ১০ জুন ২০১৭, ১৯:৩০
রাজধানীর ডেমরার ইসলামবাগে বিদ্যুতের লাইন মেরামত করার সময় মই থেকে পড়ে একজন বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন। তার নাম জসিম উদ্দিন (৪৬)।
 
শনিবার বিকাল তিনটার দিকে ইসলামবাগের শামসুল হক স্কুলের পেছনে বিদ্যুতের তার মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে।
 
জসিম উদ্দিনের সহকর্মী আলমগীর হোসেন জানান, তিনি (জসিম) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) যাত্রাবাড়ী মাতুয়াইল জোনের লাইনম্যান হিসেবে কাজ করতেন। বিকাল তিনটার দিকে ইসলামবাগে রাস্তার পাশে মইয়ে চড়ে বিদ্যুতের লাইন মেরামত করছিলেন জসিম। এ সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে ঢামেকে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত জসিমের লাশটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।