নওগাঁয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে পুড়ে গেছে কন্ট্রোল রুম। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সম্পূর্ণ নওগাঁ ও বগুড়ার আদমদিঘী উপজেলা। মেরামতের কাজ চললেও ২৪ ঘণ্টা পার হলেও গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিদ্যুৎ না আসায় ভোগান্তি পোহাতে হচ্ছে জেলাবাসিকে।
রমজানে জেলা শহরে ঈদের মার্কেটগুলোতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে প্রয়োজনীয় কাজ চালানো হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আরও কত সময় লাগবে তা বলতে পারছেনা বিদ্যুৎ বিভাগ। নওগাঁ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিদর্শনে এসেছেন, রাজশাহী বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. রেজাউল করীম, বগুড়া তত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রশিদ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বজ্রপাতে কন্ট্রোল রুমে আগুন ধরে বেশ কিছু ইলেকট্রনিক্স যন্ত্রাংশ পুড়ে গেছে। নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মেরামতের কাজ চলছে।
নওগাঁ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, রাজশাহী, বগুড়া এবং নওগাঁ’র কয়েকটি টীম রাতদিন কাজ করছে এই সংকট নিরসনে। কিন্তু বিদ্যুৎ স্বাভাবিক করতে কত সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বড় ধরনের এই বিদ্যুৎ বিভ্রাটের ফলে নওগাঁ ও বগুড়া জেলার সাধারণ মানুষের যে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে তা থেকে মুক্তি পেতে চান শীঘ্রই।
ইত্তেফাক/জামান
