গত মাসে রাজস্থান হাইকোর্টের এক বিচারপতি কেন্দ্রকে সুপারিশ করেছিলেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক। এবার হায়দরাবাদ হাইকোর্টের এক বিচারপতি মা আর ভগবানের সঙ্গে তুলনা করলেন গরুকে।
বি শিবা শংকর রাও নামের এই বিচারপতি গরু সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে বলেন, গরু হল পবিত্র জাতীয় সম্পদ। গরু ঈশ্বর ও মায়ের বিকল্প। সম্প্রতি তেলেঙ্গানার নালগোন্ডার এক গরু ব্যবসায়ী রামবত্ হনুমার বাড়ি থেকে ৬৫টি গরু বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযোগ ওঠে, ঈদের আগে গোমাংসের জন্যই গরুগুলোকে নিয়ে এসেছিলেন হনুমা।
নালগোন্ডার নিম্ন আদালতে হনুমা দাবি করেন, ঈদের জন্য নয়, চরানোর জন্যই তিনি গরুগুলোকে এনে কাঞ্চনপল্লির খামারে রেখেছেন। এ নিয়ে একটি পিটিশনও দাখিল করেন হনুমা। কিন্তু নালগোণ্ডা আদালত তার সেই পিটিশন খারিজ করে দেয়। নিম্ন আদালতকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান হনুমা। কিন্তু সেখানে গিয়েও রেহাই পাননি। হনুমার আবেদনকে খারিজ করে দিয়ে হায়দরাবাদ হাইকোর্টের বিচারপতি শংকর রাও স্পষ্ট জানিয়ে দেন, নিম্ন আদালতের নির্দেশে নাক গলাবে না হাইকোর্ট। খবর আনন্দবাজার পত্রিকার।
ইত্তেফাক/এমআর
