মুক্তি পেলেন গাদ্দাফির ছেলে

আপডেট : ১১ জুন ২০১৭, ১২:২০
 
লিবিয়ান সাবেক নেতা মুহাম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি মুক্তি পেয়েছেন। বিশেষ ক্ষমায় তাকে এই মুক্তি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় নতুন করে দেশে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
জানা গেছে, ছেলেদের মধ্যে সাইফ গাদ্দাফির সবয়েছে বেশি পছন্দের ছিলেন। তাকে গাদ্দাফির যোগ্য উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হয়। ২০১১ সালের নভেম্বরে আটক করা হয় ৪৪ বছর বয়সী সাইফকে। এরপর থেকে তিনি জিনতান শহরের একটি মিলিশিয়া দলের কাছে বন্দী ছিলেন।
 
আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়ন জানিয়েছে, সাইফকে শনিবার মুক্তি দেয়া হয়েছে। তবে তাকে এখনো প্রকাশ্যে আনা হয়নি।
 
স্থানীয় গণমাধ্যম জানায়, সাইফ এখন পূর্বাঞ্চলীয় বাইদা শহরে তার আত্মীয়দের সঙ্গে রয়েছেন। মিলিশিয়া গ্রুপটি বলছে, তারা অন্তর্বর্তী সরকারের অনুরোধে কাজ করছে। খবর আলজাজিরা।
 
ইত্তেফাক/আনিসুর