আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরিশালে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম রবিবার থেকে শুরু হয়েছে। বেলা ১১টায় বরিশাল সিটি করপোরেশন এলাকার বিশিষ্ট ১০ ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্টকার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডের নাগরিকদের মধ্যে স্মার্টকার্ড (জাতীয় পরিচয় পত্র) বিতরণ করা হবে।
বরিশাল ক্লাব লিমিটেড’র অমৃত লাল দে মিলেনায়তনে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন- স্বাধীন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, এটা হতে পারে না। সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র টিকে না। আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের কাজ করে অগ্রসর হচ্ছি। সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল সিটি কপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (আইন) ড. মো. শাহজাহান।
জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম, পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান জানান, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট কার্ড বিতরণের পর জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ কার্ড বিতরণ করা হবে।
ইত্তেফাক/এমআই
