পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে নিম্ন আয়ের ১৬ পরিবারের ৫০ ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। ওই পরিবারগুলোর নগদ টাকাসহ প্রায় ২০ লাখের অধিক টাকার সম্পদ আগুনে পুড়ে গেছে।
রবিবার ভোররাতে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ডাঙ্গাবাড়ি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের আকিমুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পঞ্চগড় ফায়াস সার্ভিসের কর্মীরা প্রায় দুঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
কিন্তু এর মধ্যেই ওই গ্রামের পাশাপাশি থাকা ১৬টি পরিবারের ৫০টি ঘর আগুনে পুড়ে যায়। ধান, চাল, ডাল, ভুট্টা ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে যায়। ৯ টি ছাগল ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের বই আগুনে পুড়ে গেছে। পঞ্চগড় জেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রত্যেক পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন দেয়ার ঘোষণা দেয়া হয়েছ।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে এক বান্ডিল ঢেউটিন, নগদ তিন হাজার টাকা, ৩০ কেজি চালসহ তেল, হাড়িপাতিল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
