বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে তিনটি মাছধরা ট্রলার ডু্বির ঘটনা ঘটেছে। এতে আটজন জেলে নদীতে ডুবে গেলেও পরে তাদের উদ্ধার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটার ছোনবুনিয়া এলাকার আবু হানিফ, বাবুল ও কাদেরের তিনটি ট্রলার বিষখালীতে জাল তুলতে গিয়ে ঝড়ের কবলে পরে। প্রবল ঢেউ ও স্রোতের তোড়ে ট্রলার তিনটি ডুবে হানিফ, কাদের, রাজু, বাবুল জাহিদুল, কবির ইউসুফ ও বাবুল দাস নদীতে ডুবে যায়।
সাতাররত অবস্থায় অন্য জেলেরা তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। এছাড়াও ছোনবুনিয়া এলাকার হাবিব ডাক্তারের একটি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার হওয়া জেলেদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উল্লেখ্য, সাগরে লঘুচাপের প্রভাবে বরগুনাসহ উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া বিভাগ।
ইত্তেফাক/জামান
