শেরপুরে কলেজ ছাত্রী নির্যাতনকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৩ জুন ২০১৭, ০৩:২০

পুলিশ স্বামীর নির্যাতনের শিকার কলেজ ছাত্রী লোপার পক্ষে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন শেরপুরের বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা। বাংলাদেশ মানবাধিকার কমিশন, শেরপুর জেলা শাখার আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্প্রতি শেরপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আশরাফুন্নাহার লোপাকে যৌতুকের দাবিতে পিটিয়ে আহত করে তার স্বামী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম। এ ব্যাপারে শাহিনুল ইসলামসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। কিন্তু কোনো আসামি গ্রেফতার না হওয়ায় এই মানববন্ধনের উদ্যোগ নেয় বাংলাদেশ মানবাধিকার কমিশন, জনউদ্যোগসহ কয়েকটি সংগঠন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশংকর কারুয়া, শেরপুর প্রেসক্লাব (একাংশ) সভাপতি রফিকুল ইসলাম আধার, নির্যাতিতার নানা শিক্ষাবিদ মোহম্মদ আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে লোপার নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ইত্তেফাক/নূহু