আড়াইহাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০০:৩১

আড়াইহাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় উভয়পক্ষ পরস্পরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়। এ ঘটনায় আড়াইহাজার বিশনন্দী সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ ও আড়াইহাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায় এই সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে উপজেলার বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহীন সরকার ও সরকারি সফর আলী কলেজের সাবেক এজিএস আলাউদ্দিনের লোকজনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে মানিকপুর বাজারের সব দোকান পাট বন্ধ হয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, পুর্ব শত্রুতার জের ধরে শাহীন ও আলাউদ্দিনের লোকজনের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।