স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ১৩ জুন ২০১৭, ১৭:৪২
 
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকাসক্ত স্বামীর নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন জেমি আকতার (১৮) নামে এক গৃহবধূ। এ ঘটনায় জেমির মা তানজিলা বেগম সোমবার রাতেই দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ নিহতের স্বামী রিফাত হোসেনকে (২৪) মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছে। উপজেলার চৌমহনী বাজারে স্বামীর বাড়িতে সোমবার গৃহবধূ আত্মহত্যা করেন।
 
থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের সৌদি প্রবাসি আলাল উদ্দিনের মেয়ে জেমি আকতার (১৮) এর সঙ্গে প্রায় সাত মাস আগে চৌমুহনীর বাজারের মোফাজ্জল হোসেনের ছেলে রিফাত হোসেনের বিয়ে হয়। বিয়েতে মেয়ের পরিবারের পক্ষ থেকে জামাইকে বিভিন্ন ধরনের উপঢৌকন দেওয়া হয়। বিয়ের কয়েক মাস পর জেমির বাবা জামাইকে ব্যবসা করার জন্য পাঁচ লাখ টাকা দেন। কিন্তু জামাই রিফাত মাদকাসক্ত হয়ে টাকাগুলো নষ্ট করেন। 
 
রিফাতের মাদকাসক্ত হওয়ার ঘটনা জেমির মা তানজিলা বেগম জানতে পেরে ওই টাকা উদ্ধারের জন্য চাপ দেয়। টাকা না দেওয়ার জন্য রিফাত ও তার পরিবারের লোকজন জেমিকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে। এক পর্যায়ে অপমানিত জেমি ক্ষুব্ধ হয়ে সোমবার বিকালে বিষপান করেন। অসুস্থ জেমিকে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে মারা যান জেমি। এর ঘটনায় রাতেই জেমির মা বাদী হয়ে জামাইসহ পাঁচজনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন।
 
দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘জেমির মৃত্যুর ঘটনায় নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার প্ররোচনায় মামলা করা হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’  
 
ইত্তেফাক/কেকে