বাঁশখালীতে ঘরের উপর গাছ পড়ে শিশু নিহত

আপডেট : ১৩ জুন ২০১৭, ২০:২৬
 
চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউপি'র রত্নপুর গ্রামে ঝড়ে ঘরের উপর গাছ পড়ে এনায়েতুল হক (৭) নামে এক শিশু নিহত হয়েছে। তার বাবার নাম কবির আহমদ। তাছাড়া বাঁশখালীর সর্বত্র নিম্নচাপ ও ঝড়ে হাজারেরও অধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। 
 
এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছিলেন। তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী নিহতের পরিবারকে নগদ ৩০ হাজার টাকা সাহায্য প্রদান করেন।
 
দেখা যায়, রবিবার সন্ধ্যা থেকে ঝড়ো বাতাস ও প্রচণ্ড বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। নিম্নচাপে পাহাড়ি ঢলে নিমজ্জিত হয়েছে অধিকাংশ রাস্তাঘাট ও ফসলী জমি। বেকায়দায় পড়েছে কৃষকরা। পাহাড়ি চাষি আব্দুচ ছবুর এই প্রতিনিধিকে জানান দমকা হাওয়া ও প্রচণ্ড বর্ষায় অধিকাংশ ফসলী জমি তলিয়ে গিয়ে কৃষকরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদকারীদের অবস্থা বেগতিক হয়ে পড়বে।
 
এছাড়াও ঢলের পানিতে তলিয়ে গেছে প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট। আটটি পাহাড়ি চড়ার পানি নিম্ন দিকে প্রবাহিত হওয়ায় বর্তমানে এসব এলাকায় অতিরিক্ত পানি জমায়েত হয়েছে। তাছাড়া পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় বর্তমানে পাহাড়ি ঢল নেমেছে। সাধনপুর, পুকুরিয়া, কালীপুর, বৈলছড়ি, জলদী, শীলকুপ, চাম্বল, সরলের পাইরাং, পুইছড়িসহ বেশকিছু এলাকায় এই রিপোর্ট লেখা পযন্ত পাহাড়ি ঢল নেমেছে।
 
ইত্তেফাক/জামান