অতি লোভে তাঁতি নষ্ট, গলায় ঢুকলো জ্যান্ত ‘কই’

আপডেট : ১৪ জুন ২০১৭, ১৩:১০
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাকুলিয়া থানার বীরুডোবা গ্রামের বাসিন্দা ভীম মুর্মুর। বছর পঁয়ত্রিশের ওই যুবক সামান্য চাষবাস করেই সংসার চালান। তবে নেশা তার মাছ ধরা। বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে খপাখপ মাছ ধরেন, হাত দিয়েই। সোমবারও গ্রামের কাছে চাষিয়াবেড়া পুকুরে মাছ ধরছিলেন।
 
জানা গেছে, একটা মাছ দাঁতে চেপে আর একটা মাছ ধরা দীর্ঘদিনের অভ্যাস ভীমের। সেটাই কাল হল। সোমবার দুপুরে একটা জ্যান্ত কই গলায় আটকে প্রাণ ওষ্ঠাগত তার। শেষে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি ক্লিনিকে এনে শ্বাসনালী থেকে বের কারা হলো সেই কই মাছটি। জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেন ইএনটি সার্জেন সেবানন্দ হালদার এবং অ্যানাস্থেটিস্ট অপূর্ব দাস।
IMG0
ভীমের বন্ধুরা জানান, ‘বড়সড় একটা কই মাছ হাত দিয়ে ধরেছিল ভীম। আর একটা মাছ দেখতে পেয়ে তড়িঘড়ি হাতের কইটাকে মুখে কামড়ে ধরে ও। আগেও কতবার এমন করেছে। কিন্তু এ দিন আচমকা পাখনা ঝাপটে মাছটা ভীমের মুখে ঢুকে গেল।’ যন্ত্রণায় ছটফট করতে থাকেন ভীম। ওই অবস্থাতেই ছুটে বাড়িতে যান। ভীমের স্ত্রী দীপালি দেবী বলেন, ‘উনি কথা বলতে পারছিলেন না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। থরথর করে কাঁপছিলেন।’
IMG1
মঙ্গলবার ইএনটি সার্জেন সেবানন্দ হালদার জানান, কই মাছটি ভীমের শ্বাসনালীর উপরে নেজোফ্যারেনজিয়াল স্পেস-এ আটকে ছিল। ফরসেপ (চিমটে) দিয়ে প্রথমে লেজ ধরে টেনে বের করার চেষ্টা করা হয়। লেজ ছিঁড়ে গেলেও মাছটি বের হয়নি। অবশেষে দেড় ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর ভীমের গলা থেকে বের করা হয় ১৫ সেন্টিমিটার লম্বা মাছটিকে। আনন্দবাজার।
 
ইত্তেফাক/সেতু