মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিধান চালু করতে যাচ্ছে দেশটির সরকার। এখন থেকে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীরাও সামাজিক নিরাপত্তা সংস্থার সুবিধা পাবে। এই সামাজিক নিরাপত্তার মধ্যে রয়েছে, কর্মস্থলে আহত হলে চিকিত্সা, অস্থায়ী কর্ম অক্ষমতা ও স্থায়ী অক্ষমতা সুবিধা এবং পুনর্বাসন সুবিধার পাশাপাশি সাড়ে ছয় হাজার রিঙ্গিত প্রত্যাবাসন খরচ। সম্প্রতি মালয়েশিয়ার মানব সম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগারান এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা (সোকসো) ২০১৯ সালের জানুয়ারি থেকে এই সুবিধা দেবে। এর আগে সোকসো’র অধীনে শুধু মালয়েশীয়রাই এ সুবিধা পেত। তবে বিদেশি কর্মীরা ‘ইনভ্যালিডিটি পেনসন স্কিম’ এর আওতায় আসবে না। জানা গেছে, মালয়েশিয়ার বিভিন্ন কর্মস্থলে দুর্ঘটনা কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সচেষ্ট হবে। এই পদক্ষেপ বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দেশটিতে সব মিলিয়ে ১০ লাখের মতো বাংলাদেশি কাজ করছে।
