পশ্চিম লন্ডনে ২৭ তলা ‘গ্রিনফেল টাওয়ার’ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে স্থাপিত একটি ত্রাণকেন্দ্র পরিদর্শন করলেন ব্রিটেনের রানী ও প্রিন্স উইলিয়াম। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি এ খবরের সঙ্গে আরো জানাচ্ছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো অন্তত ৭৬ জনের মতো লোক নিখোঁজ রয়েছে।
IMG0
এর আগে এক বিবৃতিতে লন্ডন পুলিশ জানিয়েছে, ‘এই অগ্নিকাণ্ডের ঘটনায় জীবিত কাউকে খুঁজে পাবার আর কোনো আশা নেই।’ এছাড়া সব মরদেহ পাওয়ার ব্যাপারে নিজেরাই নিশ্চিত নন বলে স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছে তারা।
IMG1
পুলিশের এমন বিবৃতির পরপরই রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স উইলিয়াম ক্ষতিগ্রস্ত লোকদের সান্ত্বনা দিতে ওয়েস্টওয়ে স্পোর্টস সেন্টারে যান। এসময় তারা সেখানে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলেন। আত্মীয়-স্বজনদের হারিয়ে দিশেহারা মানুষদের পাশে থাকার আহ্বান জানান তারা।
বুধবার রাতের ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত অন্তত ৩০ ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে লন্ডন পুলিশ। তবে আগুনের তাণ্ডবে ভবনটি একদম ছারখার হয়ে যাওয়ায় কোনো কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
