পশ্চিম লন্ডনে বহুতল ভবন ‘গ্রিনফেল টাওয়ার’ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা তিরিশ। আরো বহু মানুষ এখনো নিখোঁজ। কিন্তু তাদের সংখ্যা কত, তার সঠিক হিসেব কর্তৃপক্ষ দিতে পারছে না।
IMG0
কিন্তু ব্রিটেনের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লিলি অ্যালেন দাবি করেছেন, লন্ডনের গ্রিনফেল টাওয়ারে নিহতের প্রকৃত সংখ্যা আসলে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। আরেক শিল্পী র্যাপার আকালা দাবি করছেন, নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে।
IMG1
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা চলছে যে গ্রিনফেল টাওয়ারে নিহতের প্রকৃত সংখ্যা যে অনেক বেশি সেটি মিডিয়া জানে, তারপরও তারা প্রকৃত সংখ্যা প্রচার করছে না। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি বিভিন্ন সূত্রের বরাতে জানাচ্ছে, এই ঘটনায় অন্তত ৭৬ জন এখনো নিখোঁজ রয়েছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের পাঁচ সদস্য।
IMG2
নিহতের প্রকৃত সংখ্যা কত, তা জানানোর দায়িত্ব লন্ডনের মেট্রোপলিটন পুলিশের। তাদের দিক থেকে অবশ্য এখনো পর্যন্ত নিহতের সংখ্যা কত হতে পারে তার কোন পরিষ্কার ধারণা দেয়া হয়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিটেনে প্রধানমন্ত্রী থেরেসা মে'র সরকার প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে। প্রধানমন্ত্রী থেরেসা মে গতকাল ঘটনাস্থলে গেলেও কেন ঘটনার শিকার পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন নি তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
