চরফ্যাশনে অাগুনে ২০ দোকান পুড়ে ছাই

আপডেট : ১৭ জুন ২০১৭, ১২:৩৮
ভোলার চরফ্যাশন উপজেলা সদরের শরিফপাড়া ব্রিজ থেকে থানা রোডের পাবলিক টয়লেট পর্যন্ত বাজারের ২০টি দোকান শনিবার ভোররাতে আগুনে পুড়ে গেছে। চরফ্যাশন ও লালমোহন দমকল বাহিনীর ২টি ইউনিট ২ ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, অগ্নিকাণ্ডে বাজারের  মুদি মনোহরী, ফলের  দোকান,  মোবাইল সার্ভিসিং, ফার্মেসি,  সেলুন, হার্ডওয়ার  দোকান, ইলেক্টনিক্স দোকানসহ ২০টি  দোকান পুড়ে  ছাই হয়েছে।  
 
চরফ্যাশন  বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরউদ্দিন চাষী জানিয়েছেন, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
  
চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আবদুর রশিদ জানান, চরফ্যাশন ও লালমোহেনের ২টি ইউনিটের ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন কোন প্রকার হতাহত ছাড়াই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।এটি বৈদ্যুতিক সর্টসার্কিট না নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও নিরূপণ করা হচ্ছে।   
 
চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ মনোয়ার হোসেন, পৌরমেয়র বাদল কৃষণ দেবনাথসহ স্থানীয় জন প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের  নেতারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/এমআই